NATIONAL CATEGORY

বিশ্ব দুগ্ধ দিবস পালন, সচেতনতা শিবির, বিজ্ঞান ভিত্তিক গোপালন ও গ্রামীণ জীবিকার মানোন্নয়ন

By SOUMITRA PANDIT • 2026-08-03 05:30 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
বিশ্ব দুগ্ধ দিবস পালন, সচেতনতা শিবির, বিজ্ঞান ভিত্তিক গোপালন ও গ্রামীণ জীবিকার মানোন্নয়ন

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে সচেতনতা শিবির, বিজ্ঞানভিত্তিক গোপালন ও গ্রামীণ জীবিকার উন্নয়ন

Reported By Dr. Soumitra Pandit, IPU News | দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও বাসন্তী ব্লকে ছাত্র-ছাত্রীদের নিয়ে দুগ্ধ পুষ্টি, বিজ্ঞানভিত্তিক গোপালন এবং গ্রামীণ জীবিকা উন্নয়ন বিষয়ক দুটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল ভিরব্যাক ইন্ডিয়া অ্যানিমেল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এবং সহযোগিতায় ছিল নেতাজি সেবা ফাউন্ডেশন।

নামখানার পাতিবুনিয়া উপেন্দ্র বিদ্যাপীঠে দশম শ্রেণির ৫০-এরও বেশি এবং বাসন্তীর সোনাখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৫৫-এরও বেশি ছাত্র-ছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের প্রধান বক্তা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নেতাজি সেবা ফাউন্ডেশনের সম্পাদক ড. শান্তনু বেরা বলেন, “দুধ একটি সম্পূর্ণ পুষ্টিকর খাদ্য। বিজ্ঞানভিত্তিক গোপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।”

নামখানার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য কুমার মণ্ডল এবং বাসন্তীর অনুষ্ঠানে ভিরব্যাকের রিজিওনাল বিজনেস ম্যানেজার দেব রঞ্জন ঘোষ স্বাগত বক্তব্য রাখেন। দেব রঞ্জন ঘোষ জানান, বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে ভিরব্যাক।

বাসন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের বি.এল.ডি.ও. ডা. দীপক প্রামাণিক। তিনি নিরাপদ দুধ উৎপাদন (Clean Milk Production), প্রাণীস্বাস্থ্য এবং আধুনিক দুগ্ধ খামার ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য তুলে ধরেন। সোনাখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যজ্ঞেশ্বর পাল এবং নামখানার প্রধান শিক্ষক অনিন্দ্য কুমার মণ্ডল এই ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও শিক্ষণীয় বলে উল্লেখ করেন।

ভিরব্যাকের পক্ষ থেকে স্বরূপ মাইতি, শোভন গুচ্ছাইত ও রাহুল দেবনাথ উপস্থিত ছিলেন। নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নামখানায় রনজিৎ মণ্ডল এবং বাসন্তীতে প্রসেনজিৎ বর্মন অংশগ্রহণ করেন।

নামখানার অনুষ্ঠানের সূচনা হয় রূপসা বেরার নৃত্য পরিবেশনার মাধ্যমে। পরে ভিরব্যাকের প্রতিনিধি শোভন গুচ্ছাইত ভারতের দুগ্ধ উৎপাদনের অগ্রগতি, দুধের পুষ্টিগুণ এবং বিজ্ঞানসম্মত গোপালনের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে বিষয়ভিত্তিক স্পট কুইজের আয়োজন করা হয়। দুই বিদ্যালয় মিলিয়ে মোট ২০ জন কৃতী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে মিল্ক চকলেট ও কলম তুলে দেওয়া হয়। পাশাপাশি পুরস্কারপ্রাপ্তদের পরিবারের গবাদি পশুর জন্য ক্যালসিয়াম ফিড সাপ্লিমেন্ট বিতরণ করা হয়।

বাসন্তীর কর্মসূচি শেষে বিএলডিও ডা. দীপক প্রামাণিক, ড. শান্তনু বেরা এবং ভিরব্যাকের প্রতিনিধিরা নেতাজি সেবা ফাউন্ডেশনের বাসন্তী ইউনিট ও ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় পরিচালিত একটি প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিক দুগ্ধ খামার পরিদর্শন করেন।

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এই দুই কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি, বিজ্ঞানভিত্তিক গোপালন, নিরাপদ দুধ উৎপাদন এবং আত্মনির্ভরশীল গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনে নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও এই ধরনের কর্মসূচি নেওয়ার উদ্যোগ থাকবে বলে জানান ড. শান্তনু বেরা।

SOUMITRA PANDIT 0 followers