CRIME & INCIDENT

তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত ৯ পুণ্যার্থীর স্মরণে বিশ্ব হিন্দু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

By NUR MOHAMMAD • 2026-08-22 06:56 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত ৯ পুণ্যার্থীর স্মরণে বিশ্ব হিন্দু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত ৯ পুণ্যার্থীর স্মরণে বিশ্ব হিন্দু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নয় পুণ্যার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলির আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ, উত্তর বীরভূম জেলা।

গত ১৭ আগস্ট ভোররাতে তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন পুণ্যার্থীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে মেঘালয়ের পাঁচজন এবং আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গের অন্যান্য এলাকার পুণ্যার্থী ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় পাঁচমাথা মোড়ে মৃত পুণ্যার্থীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম জেলার সদস্যরা। তাঁদের হাতে ছিল মোমবাতি ও মৃতদের প্রতি শ্রদ্ধার বার্তা।

শ্রদ্ধাঞ্জলি শেষে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারাপীঠের হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমোদন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

তাঁদের অভিযোগ, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি বা টিআরডিএ-র সময়কালে পর্যাপ্ত পরিকাঠামো ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখেই একের পর এক হোটেল, লজ ও রেস্তোরাঁ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এমনকী, অগ্নিনির্বাপণ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কোনও কোনও হোটেল চলছিল বলেও তাঁরা অভিযোগ করেন।

যদিও এই অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে। ইতিমধ্যেই তারাপীঠের একাধিক হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের তরফে অডিট শুরু হয়েছে এবং ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের দাবি, শুধুমাত্র হোটেল মালিক বা তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। হোটেল নির্মাণ ও অনুমোদনের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের ভূমিকা নিয়েও তদন্ত করা প্রয়োজন।

NUR MOHAMMAD 0 followers