গরমের আগে মানবিক উদ্যোগ: বারাসাতে ১০০টি গাছ দান, এবার ওয়াটার বুথের পরিকল্পনায় দেবরাজ ঘোষ
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শহরে গরমের তীব্রতা মাথায় রেখে এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন সমাজকর্মী ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের স্টেট সেক্রেটারি দেবরাজ ঘোষ। পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে তিনি বারাসাতের একটি ক্লাবে ১০০টি গাছ দান করেছেন।
দেবরাজ ঘোষ জানান, ক্রমশ বাড়তে থাকা গরমে মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাছ লাগানোর মাধ্যমে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং শহরের মানুষ কিছুটা স্বস্তি পাবে।
শুধু গাছ লাগানোতেই থেমে থাকছেন না তিনি। আগামী দিনে পথচারী মানুষের কথা ভেবে বারাসাত শহরের বিভিন্ন জায়গায় ওয়াটার বুথ চালু করার পরিকল্পনাও করেছেন। তীব্র গরমে যাতে মানুষ জলসংকটে না পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাটির কলসিতে ঠান্ডা জল এবং কিছু খাদ্য সামগ্রী রাখা হবে, যাতে পথচলতি মানুষ সহজেই তাদের পিপাসা মেটাতে পারে। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই ওয়াটার বুথ চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে বারাসাত থেকেই এই ক্যাম্প শুরু করা হবে। পরে ধাপে ধাপে পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এই মানবিক উদ্যোগ সম্প্রসারিত করা হবে বলে জানান দেবরাজ ঘোষ।
সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।